পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবং সংগীতশিল্পী আসিম আজহারের সম্পর্ক নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি করাচিতে অনুষ্ঠিত আসিম আজহারের এক কনসার্টে উপস্থিত ছিলেন হানিয়া, যা নতুন করে ভক্তদের মধ্যে জল্পনার জন্ম দিয়েছে।
গত শনিবার রাতে আয়োজিত ওই কনসার্টে দর্শকসারিতে বসে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় হানিয়া আমিরকে। কনসার্ট চলাকালে তিনি আসিমের পরিবেশনা উপভোগের পাশাপাশি মুঠোফোনে ভিডিও ধারণ করেন এবং উপস্থিত দর্শকদের সঙ্গে কথাও বলেন।
হানিয়ার এই উপস্থিতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, পুরোনো সম্পর্ক হয়তো আবার নতুন মোড় নিতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। গুঞ্জনের সত্যতাও তাঁরা নিশ্চিত করেননি।
এটি প্রথমবার নয়। এর আগেও আসিম আজহারের একাধিক কনসার্টে হানিয়াকে দেখা গেছে। প্রতিবারই তাঁদের একসঙ্গে উপস্থিতি ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
জানা যায়, হানিয়া আমির ও আসিম আজহারের সম্পর্কের সূচনা হয়েছিল ২০১৮ সালের দিকে। পরের বছর তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে দুজনের বিচ্ছেদের খবর সামনে আসে। এরপর দীর্ঘ সময় ধরে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও কেউই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি।
সাম্প্রতিক কনসার্টে হানিয়ার উপস্থিতি সেই পুরোনো আলোচনাকেই আবার সামনে নিয়ে এসেছে। যদিও দুজনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় বিষয়টি এখনো কেবল ভক্তদের জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
