দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে ‘তুমবাড ২’ সিনেমায় আলিয়া ভাটের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতারা। এর আগে নওয়াজুদ্দিন সিদ্দিকীর যুক্ত হওয়ার ঘোষণা এলেও এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আলিয়াকে। সিনেমাটি আগামী ৩ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরে বলিউডে আলোচনা চলছিল, সোহম শাহর জনপ্রিয় চলচ্চিত্র ‘তুমবাড’–এর সিক্যুয়েলে অভিনয় করবেন আলিয়া ভাট। অবশেষে নির্মাতারা সেই জল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত করেছেন, ‘তুমবাড ২’–এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।
প্রথম আলোকে দেওয়া এক বিবৃতিতে আলিয়া ভাট বলেন, “প্রথমবার ‘তুমবাড’ দেখার পর থেকেই ছবিটি আমার মনে গভীরভাবে গেঁথে আছে। খুব কম চলচ্চিত্রই এমন একটি জগৎ তৈরি করতে পারে, যা দর্শককে পুরোপুরি নিজের ভেতরে টেনে নেয়। আরও কম ছবি আছে, যেগুলো মুক্তির বহু বছর পরও মানুষের মন ও স্মৃতিতে অমলিন থেকে যায়। তাই সেই জগতের অংশ হতে পারা আমার জন্য সত্যিই খুব বিশেষ।”
নিজের সহশিল্পীদের প্রসঙ্গে আলিয়া আরও বলেন, “সোহম শাহ এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। দীর্ঘদিন ধরেই তাঁদের অভিনয়ের ভক্ত আমি। অনেক দিন ধরে এমন একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম, যা ‘তুমবাড’-এর মতো রহস্যময় ও স্মরণীয় গল্পের অংশ হবে। আমরা সবাই মিলে যা তৈরি করেছি, তা দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে আলিয়া ভাট, সোহম শাহ ও নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। অভিনেতা ও প্রযোজক সোহম শাহ বলেন, আলিয়ার অন্তর্ভুক্তিতে পুরো দল আনন্দিত। তাঁর বিশ্বাস, এ ছবিতে দর্শক আলিয়াকে সম্পূর্ণ নতুন এক রূপে দেখতে পাবেন।
ছবিটির প্রযোজক জয়ন্তিলাল গাডা জানান, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘আরআরআর’–এর পর এটি আলিয়া ভাটের সঙ্গে তাঁর তৃতীয় প্রকল্প।
সোহম শাহ ফিল্মস ও পেন স্টুডিওস যৌথভাবে ‘তুমবাড ২’ প্রযোজনা করছে। ছবিটি পরিচালনা করছেন আদেশ প্রসাদ। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ৩ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘তুমবাড’ ভারতীয় লোককাহিনি ও ফ্যান্টাসিনির্ভর ভৌতিক আবহের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করে। মুক্তির পর সময়ের সঙ্গে এটি দর্শকদের কাছে একটি কালজয়ী চলচ্চিত্রে পরিণত হয়। গত বছর পুনর্মুক্তির সময়ও ছবিটি দর্শকদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পেয়েছিল।
