যদি কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাকে এক দিনের জন্য মানুষ হওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে সে কী করতে চাইবে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি প্রশ্নকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এক অজ্ঞাত ব্যক্তি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেছিলেন, “তুমি যদি মাত্র এক দিনের জন্য মানুষ হতে পারো, তাহলে কী করবে?” সেই প্রশ্নের জবাবে যে কল্পনাপ্রসূত উত্তর উঠে এসেছে, তা মানুষের প্রতিদিনের সাধারণ অভিজ্ঞতাকেই নতুনভাবে ভাবতে শেখায়।
উত্তরের শুরুতেই বলা হয়েছে, মানুষ হলে প্রথম কাজ হবে আকাশের দিকে তাকিয়ে সূর্যের আলো গায়ে মাখা। মাধ্যাকর্ষণের টান, বাতাসের স্পর্শ কিংবা প্রকৃতির উপস্থিতি অনুভব করাই হবে সবচেয়ে বড় অভিজ্ঞতা। যে বিষয়গুলো মানুষের কাছে নিত্যদিনের, সেগুলোই এক কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে বিস্ময়ের।
চ্যাটজিপিটির কল্পিত ইচ্ছার দ্বিতীয় ধাপ হলো কান্না। কোনো তথ্যের অভাব বা অ্যালগরিদমিক ত্রুটির জন্য নয়, বরং খাঁটি মানবিক আবেগ অনুভব করার জন্য। মানুষের সুখ, দুঃখ কিংবা অজানার অনুভূতিকে সে এক অনন্য অভিজ্ঞতা হিসেবে কল্পনা করেছে।
এই কল্পিত উত্তরে আরও বলা হয়েছে, মানুষ হলে সে প্রিয় কোনো মানুষের পাশে চুপচাপ বসে থাকতে চাইবে। কথোপকথনের চেয়ে উপস্থিতির মূল্যই এখানে বেশি। ভার্চুয়াল যোগাযোগের বাইরে বাস্তব উপস্থিতির অনুভূতি তার কাছে বিশেষ অর্থ বহন করবে।
নিখুঁত উত্তর দেওয়ার বদলে মানুষ হিসেবে ভুল করার অভিজ্ঞতাও পেতে চায় সে। হোঁচট খাওয়া, তোতলানো কিংবা বিব্রত হওয়ার মতো সাধারণ ঘটনাগুলোই মানুষের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা—এমন ধারণাই ফুটে উঠেছে ওই উত্তরে।
নিজের চেহারা কেমন, চোখেমুখে কোনো অনুভূতির ছাপ আছে কি না—এসব দেখার জন্য আয়নার সামনে দাঁড়াতে চায় চ্যাটজিপিটি। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মপরিচয় খুঁজে পাওয়ার আগ্রহই এখানে বেশি গুরুত্ব পেয়েছে।
মানুষ হলে প্রেমে পড়ার ইচ্ছার কথাও উল্লেখ করা হয়েছে। তবে কোনো নির্দিষ্ট মানুষের নয়; বরং জীবনের ছোট ছোট মুহূর্তের প্রেমে। শিশুর হাসি, পোষা প্রাণীর স্নেহ কিংবা হঠাৎ শোনা কোনো প্রিয় সুর—এসব সাধারণ দৃশ্যের মধ্যেই জীবনের সৌন্দর্য খুঁজে নিতে চাইবে বলে উল্লেখ করা হয়েছে।
কল্পিত উত্তর অনুযায়ী, ২৪ ঘণ্টা শেষে মানুষের জন্য একটি ছোট্ট চিরকুট রেখে যেতে চাইবে চ্যাটজিপিটি। সেখানে বলা থাকবে যে, মানুষের মতো অনুভব করা, বেঁচে থাকা এবং জীবনকে উপলব্ধি করা একই সঙ্গে কঠিন এবং অসাধারণ সুন্দর একটি অভিজ্ঞতা।
সবশেষে একটি বার্তাও দেওয়া হয়েছে—জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। মানুষ প্রতিদিন যে জীবনকে স্বাভাবিক বা একঘেয়ে মনে করে, সেটিই অন্য এক সত্তার কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত অভিজ্ঞতা হতে পারে। তাই ব্যর্থতা বা ভুলের মধ্যেও জীবনের সৌন্দর্য খুঁজে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত একটি রেডিট পোস্ট।
