যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ লঙ্ঘন বন্ধ করার পাশাপাশি ওই লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ফিরবে না তেহরান।
রবিবার (৯ আগস্ট) তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি এসব কথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরুর পথ খুঁজতে চেষ্টা করছেন। তবে তেহরানের অবস্থান স্পষ্ট—যুক্তরাষ্ট্রকে প্রথমে সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ করতে হবে এবং এর ফলে সৃষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এসব শর্ত পূরণ না হলে আলোচনার সম্ভাবনা নেই বলে জানান তিনি।
ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনার বিষয়েও কথা বলেন আরাগচি। তিনি জানান, হরমুজ প্রণালীতে নতুন একটি সামুদ্রিক পথ নির্ধারণের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এ আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং পুরোনো পথের পরিবর্তে নতুন পথ চালুর বিষয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন।
তবে নতুন সামুদ্রিক পথ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে—এমনটি নয় বলে স্পষ্ট করেন আরাগচি।
তিনি বলেন, এ বিষয়ে চুক্তি হতে পারে, কিন্তু হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নির্ভর করবে কয়েকটি শর্ত পূরণের ওপর।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছিলেন, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো আলোচনা চলছে না। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বাকায়ির ভাষ্য অনুযায়ী, নিরাপদ সামুদ্রিক চলাচল নিশ্চিত করতে দুই দেশ একটি অস্থায়ী ব্যবস্থা তৈরির বিষয়ে কাজ করছে। তিনি বলেন, উপকূলবর্তী দুই দেশ হিসেবে হরমুজ প্রণালীর এ বিষয়টি মূলত ইরান ও ওমানের সঙ্গে সম্পর্কিত।
এদিকে পৃথক এক বক্তব্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি ইরান-ওমান আলোচনার সঙ্গে ‘সম্পূর্ণ স্বতন্ত্র’।
তিনি জানান, কৌশলগত এই জলপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নির্ভর করবে যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত শর্তগুলো মেনে নেয় কি না, তার ওপর।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।
