এআইনির্ভর ব্রাউজার এজেন্টকে বিভ্রান্ত করে ব্যবহারকারীর অজান্তে হোয়াটসঅ্যাপ ওয়েব অ্যাকাউন্ট থেকে পরিচিত ব্যক্তিদের কাছে একই বার্তা পাঠানো সম্ভব বলে দাবি করেছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জেনিটির গবেষকেরা। তাঁদের আশঙ্কা, ভবিষ্যতে এ ধরনের কৌশল ব্যবহার করে এআই এজেন্টের মাধ্যমে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম ছড়িয়ে দেওয়া হতে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট সাইবার নিরাপত্তা সম্মেলনে গবেষকেরা এআই ব্রাউজার এজেন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ থেকে গোপনে বার্তা পাঠানোর এই কৌশল তুলে ধরেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, এ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের কোনো নিরাপত্তাত্রুটি কাজে লাগানো হয়নি। একইভাবে অ্যাপটির এন্ড-টু-এন্ড এনক্রিপশনও ভাঙা হয়নি। বরং এআই ব্রাউজার এজেন্টকে প্রতারণামূলক নির্দেশনা দিয়ে বিভ্রান্ত করেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে।
গবেষণায় জেনিটি ওপেনএআই, গুগল, অ্যানথ্রপিক, মাইক্রোসফট ও পারপ্লেক্সিটির এআই ব্রাউজার এবং ব্রাউজার এক্সটেনশনে ২০টির বেশি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছে। গবেষকদের মতে, এসব দুর্বলতা কাজে লাগিয়ে এআই এজেন্টকে ব্যবহারকারীর কম্পিউটারে থাকা ফাইল সংগ্রহ, দূর থেকে ডিভাইসে প্রবেশ, পাসওয়ার্ড ম্যানেজারের নিয়ন্ত্রণ নেওয়া এবং অ্যামাজনে অনুমতি ছাড়া কেনাকাটার মতো কাজেও ব্যবহার করা সম্ভব হতে পারে।
গবেষকেরা বলছেন, প্রচলিত ওয়েব ব্রাউজারের নিরাপত্তাব্যবস্থা মূলত মানুষের আচরণকে কেন্দ্র করে তৈরি। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাজ করা এআই এজেন্টের ক্ষেত্রে এসব সুরক্ষা সব সময় একইভাবে কার্যকর নাও হতে পারে। এমনকি বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে অননুমোদিত তথ্য আদান-প্রদান ঠেকাতে ব্যবহৃত ‘সেম-অরিজিন পলিসি’র মতো মৌলিক নিরাপত্তাব্যবস্থাও এআই এজেন্টের ক্ষেত্রে কিছু পরিস্থিতিতে অকার্যকর হয়ে পড়তে পারে।
জেনিটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মাইকেল বার্গুরি প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়ার্ডকে বলেন, ব্রাউজারের নিরাপত্তা নিয়ন্ত্রণ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাঁর মতে, এর ফলে প্রায় ২০ বছর আগের ব্রাউজারভিত্তিক হামলার ঝুঁকি আবারও ফিরে আসছে।
বার্গুরির ভাষ্য অনুযায়ী, কোনো এআই এজেন্ট যদি পুরো ব্রাউজারের নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে ব্যবহারকারীর বিভিন্ন অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য সংবেদনশীল উপাত্ত নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে।
এদিকে স্প্যাম নিয়ন্ত্রণে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন নিরাপত্তাসুবিধা চালু করছে। তবে জেনিটির গবেষণা দেখাচ্ছে, এআই এজেন্টের আচরণকে কেন্দ্র করে তৈরি নতুন ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রচলিত ওয়েব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি নতুন সুরক্ষাকৌশলের প্রয়োজন হতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
