কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে আব্দুল খালেক ওরফে নাহিদ (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র ও মাদক মামলার আসামি এবং একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক। তাঁর কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ৭৯ রাউন্ড গুলি এবং একটি নিবন্ধনবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা মৌলভীপাড়া এলাকায় কালুর দোকানের সামনে ইটসলিং সড়ক থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নাহিদকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নাহিদ একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশায় অবস্থান করছিলেন। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁকে ধাওয়া করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও পাঁচজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।
আটকের পর নাহিদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ পিস্তল ও ওই ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৬৯ রাউন্ড রাইফেলের গুলি, ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি সাদা রঙের অ্যাংলেট এবং একটি নিবন্ধনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
ওসি সাইফুল ইসলাম জানান, আব্দুল খালেক ওরফে নাহিদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বর্তমানে তদন্তাধীন এবং কয়েকটির বিচার আদালতে চলমান। তাঁর বিরুদ্ধে আরও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় আটক নাহিদ এবং পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
