ব্রাজিলিয়ান লিগে মাকারার বিপক্ষে ম্যাচে সমর্থকদের দুয়ো শুনে ক্ষোভ প্রকাশ করেছেন সান্তোসের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। নেতিবাচক মানসিকতা নিয়ে সমর্থকেরা মাঠে এলে সেখানে না আসাই ভালো বলে মন্তব্য করেছেন তিনি।
ম্যাচের শুরুতে মাকারার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল সান্তোস। একপর্যায়ে মাঠের এক পাশে বল হারান নেইমার। এ সময় বেলমিরোর গ্যালারি থেকে তাঁকে দুয়ো দেওয়া হয়। জবাবে শুধু হাত নাড়িয়ে প্রতিক্রিয়া জানান ব্রাজিলিয়ান তারকা।
তবে ম্যাচের পরের চিত্র বদলে দেন নেইমার। তাঁর করা দুটি অ্যাসিস্টে পিছিয়ে থাকা ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জয় পায় সান্তোস।
ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে সমর্থকদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তিনি বলেন, ‘আমরা এক গোলে পিছিয়ে ছিলাম। এটা তাদের (সমর্থকদের) ভালো লাগেনি। আমি জানি, তারা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে। কিন্তু তারা যদি শুধু নেতিবাচক মানসিকতা নিয়ে মাঠে আসে, তার চেয়ে ঘরে বসে থাকাই ভালো।’
গ্যালারি থেকে দুয়ো দেওয়ার প্রসঙ্গে নেইমার আরও বলেন, ‘আমি তাদের বলেছি আমাদের সমর্থন করো, উৎসাহ দাও। সান্তোসের সমর্থক হওয়া কি এতটাই সহজ? জেতার সময়ই শুধু তোমরা আমাকে পছন্দ করো।’
ম্যাচে জোড়া অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সমর্থকদের আচরণে যে তিনি অসন্তুষ্ট, তাঁর বক্তব্যে সেটিই স্পষ্ট হয়েছে।
