নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর গত রোববার (৩০ আগস্ট) তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইশরাত নাসিমা হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর করা পৃথক দুটি আদেশে ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়েছে, তাঁদের নৈতিকতা স্খলন এবং ‘অশালীন’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে ছড়িয়ে পড়ায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ ধরনের কর্মকাণ্ডের জন্য সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তাঁরা খোরপোশ ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি গত বছরের ডিসেম্বরের বলে জানা গেছে। বিদ্যালয়ের কর্মঘণ্টায় বিদ্যালয়ের অফিসকক্ষে থাকা অবস্থায় ওই দুই শিক্ষককে নিয়ে ভিডিওটি ধারণ করা হয়েছিল।
এর আগে গত ২৫ আগস্ট তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
