যশোরে হাসপাতালে নেওয়ার পথে চলন্ত অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুরামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কারা সূত্রে জানা গেছে, মহিলা হাজতি নং-৩৮০/২৬ বৃষ্টি খাতুনের (১৯) উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে চুরামনকাটি এলাকায় পৌঁছালে তাঁর প্রসববেদনা তীব্র হয়। একপর্যায়ে চলন্ত অ্যাম্বুলেন্সেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।
নবজাতকের জন্মের খবর পাওয়ার পর যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দ্রুত মা ও শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করে।
নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার ও অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত ব্যক্তিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, কারা মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী মানবিক দৃষ্টিকোণ থেকে মা ও নবজাতকের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ আছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
