কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ হামলায় কয়েকজন ‘শত্রু’ সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানি বাহিনী। তবে এসব দাবির স্বাধীন কোনো যাচাই পাওয়া যায়নি।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন কমান্ডারের কমান্ড পোস্ট ও আবাসস্থল লক্ষ্য করে সমন্বিত হামলা চালানো হয় বলে আইআরজিসি জানিয়েছে। ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির জনসংযোগ দপ্তরের বিবৃতি অনুযায়ী, জর্ডান, বাহরাইন ও ইরবিলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলার পাশাপাশি একই সময়ে কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতেও অভিযান চালানো হয়।
ইরানি বাহিনীর দাবি, হামলার পর মার্কিন হামলায় ব্যবহৃত ড্রোন রাখার একটি হ্যাঙ্গার এবং ড্রোন মোতায়েনের র্যাম্পে আগুন ধরে যায়। এতে কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।
আইআরজিসি আরও অভিযোগ করেছে, মানবাধিকারের ‘স্পষ্ট লঙ্ঘন’ করে মার্কিন বাহিনী সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানকে শোকে পরিণত করেছে। তাদের ভাষ্য, একটি আবাসিক বাড়িতে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়।
ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, ওই ঘটনায় প্রায় ৭০ জন নিরপরাধ মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুসহ চারজন নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
তবে আইআরজিসির হামলা ও হতাহতের বিষয়ে করা এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
