কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া দুই কিশোরীর সন্ধান চার দিন পর কক্সবাজারে পাওয়া গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে চৌদ্দগ্রামের কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয় ওই দুই কিশোরী। তবে তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের বিষয়টি জানার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় পুলিশের একটি দল কাজ শুরু করে। চৌদ্দগ্রাম মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, দুই কিশোরী কক্সবাজারে অবস্থান করছে।
পরে কক্সবাজার জেলা ডিবি পুলিশের সহযোগিতায় সমুদ্রসৈকত এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখানকার ১০১ নম্বর কক্ষ থেকে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানিয়েছে, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে গিয়েছিল।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
