কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। সম্প্রতি সংগঠনটির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে ডিলারদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন এবং নিজ নিজ গুদামে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে সার আসার তথ্য নিয়মিত উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো এবং বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএফএ জানিয়েছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ঠেকাতে ডিলারদের নিয়মিত তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।
সংগঠনটি সতর্ক করে বলেছে, কোনো অসাধু মহল কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করলে এবং এর দায় ডিলারদের ওপর চাপানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ডিলারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএফএর নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত নীতিমালা ও নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
