রাখি বন্ধন উপলক্ষে একটি গয়না প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অভিনয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বিজ্ঞাপনটিতে তাঁর পোশাক এবং পোষ্য কুকুরকে রাখি পরানোর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপনটিতে কৃতিকে তাঁর ভাইয়ের সঙ্গে রাখি বন্ধন উদ্যাপন করতে দেখা যায়। প্রথমে তিনি ভাইয়ের হাতে রাখি পরান। এরপর নিজের পোষ্য কুকুরের হাতেও ভালোবাসা ও সুরক্ষার প্রতীক হিসেবে রাখি পরিয়ে দেন। বিজ্ঞাপনের মূল ভাবনায় পোষ্য প্রাণীকেও পরিবারের সদস্য হিসেবে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপনটি প্রকাশের পর এর সমালোচনা করেন সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের ব্যবহারকারী। তাঁদের অভিযোগ, এতে ভাইয়ের তুলনায় পোষ্য কুকুরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাখি বন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়েও আপত্তি তোলেন কেউ কেউ।
‘মিড-ডে’র প্রতিবেদনের বরাতে জানা যায়, এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বিজ্ঞাপনটির সমালোচনা করে দাবি করেন, রক্ষা বন্ধনের মতো উৎসবের প্রচারণায় কৃতিকে ‘অল্প পোশাকে’ উপস্থাপন করা হয়েছে। তাঁর মতে, এ ধরনের উপস্থাপনা উৎসবটির চেতনা ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরেক ব্যবহারকারী আরও কঠোর অবস্থান নিয়ে কৃতিকে নিষিদ্ধ করার দাবি জানান। পাশাপাশি ভারতীয় উৎসবগুলো চলচ্চিত্র নির্মাতা ও বিভিন্ন ব্র্যান্ড কীভাবে উপস্থাপন করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে বিজ্ঞাপনটির পক্ষে অবস্থান নিয়েছেন অনেকে। তাঁদের মতে, রাখি বন্ধনের তাৎপর্য শুধু ভাই-বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়; ভালোবাসা, যত্ন ও সুরক্ষার অনুভূতিও এ উৎসবের গুরুত্বপূর্ণ অংশ। পরিবারের সদস্য হিসেবে পোষ্য প্রাণীর প্রতিও সেই অনুভূতি প্রকাশ করা যেতে পারে বলে তাঁদের মত।
এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এ প্রসঙ্গে মহাভারতের যুধিষ্ঠির ও তাঁর বিশ্বস্ত কুকুরের প্রসঙ্গও উল্লেখ করেন। তাঁর মতে, পোষ্যকে পরিবারের অংশ হিসেবে উপস্থাপন করায় রক্ষা বন্ধনের মূল ভাবনা নষ্ট হয় না।
কৃতির পোশাক নিয়েও মতভেদ দেখা গেছে। সমালোচকদের কেউ মনে করেন, বিজ্ঞাপনটি আরও সাধারণ ও রক্ষণশীল পারিবারিক পরিবেশে নির্মাণ করা হলে উৎসবের আবহের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ হতো।
অন্যদিকে কৃতির ভক্তদের একটি অংশ অভিনেত্রীর পক্ষ নিয়েছেন। তাঁদের বক্তব্য, উৎসব উদ্যাপনের ধরন ব্যক্তিগত পছন্দের বিষয়। পোষ্যকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে তাকে রাখি পরানোয় আপত্তির কারণ নেই।
সূত্র: দ্য মিড ডে
