বিনিয়োগ কার্যক্রমে সমন্বয় বাড়াতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠন করেছে সরকার।
এ বিষয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন কাঠামোর আওতায় এখন থেকে বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।
নতুন এই কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ধারা ৮-এর উপধারা (৫) অনুযায়ী আশিক মাহমুদ বিন হারুনকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তার নিয়োগ কার্যকর থাকবে।
নিয়োগের মেয়াদে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে তার নিয়োগ চুক্তিভিত্তিক। নিয়োগের অন্যান্য শর্ত ও বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
এ ছাড়া নতুন কর্তৃপক্ষের সদস্য হিসেবে আরও দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন সচিব পদমর্যাদার এয়ার ভাইস মার্শাল (অব.) মোহম্মদ শাহারুল হুদা এবং অতিরিক্ত সচিব পদমর্যাদার নাহিয়ান রহমান রচি।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী এতে স্বাক্ষর করেন।
