নাসার হাবল মহাকাশ দূরবীক্ষণযন্ত্রের তথ্য বিশ্লেষণ করে মিল্কিওয়ে গ্যালাক্সির প্রাথমিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ নতুন তথ্য পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গবেষণায় প্রায় ১১ দশমিক ৮ বিলিয়ন বছর আগে একটি ছোট গ্যালাক্সির সঙ্গে তরুণ মিল্কিওয়ের একীভবনের শক্ত প্রমাণ পাওয়া গেছে।
গবেষকদের মতে, ওই সময় ‘এলকেএইচ’ নামের তুলনামূলক ছোট একটি গ্যালাক্সি মিল্কিওয়ের সঙ্গে মিশে যায়। এর মাধ্যমে বিপুলসংখ্যক নক্ষত্র, গ্যাস ও অদৃশ্য পদার্থ মিল্কিওয়ের অংশ হয়ে যায়। নাসার তথ্য অনুযায়ী, নতুন এই গবেষণা মিল্কিওয়ের গঠনের ইতিহাস সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাকে আগের তুলনায় প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন বছর পেছনে নিয়ে গেছে। গবেষণার বিস্তারিত ফল সোমবার Nature Astronomy সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
বর্তমানে মিল্কিওয়ে একটি বিশাল সর্পিল গ্যালাক্সি, যেখানে শত শত বিলিয়ন নক্ষত্র রয়েছে। তবে এর শুরুটা ছিল অনেক ছোট পরিসরে। গ্যাসের মেঘ থেকে নক্ষত্র সৃষ্টি এবং অপেক্ষাকৃত ছোট গ্যালাক্সির সঙ্গে একীভবনের মাধ্যমে সময়ের সঙ্গে এর আকার ও ভর বাড়তে থাকে।
গবেষণার প্রধান লেখক ইতালির বোলোনিয়া জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান পর্যবেক্ষণকেন্দ্রের গবেষক দাভিদে মাসসারি বলেন, মিল্কিওয়ের গঠনের ইতিহাস বোঝার ক্ষেত্রে এলকেএইচের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁর তুলনায়, মিল্কিওয়ে যদি একটি বাড়ি হয়, তাহলে এলকেএইচ ছিল সেই বাড়ি নির্মাণের শুরুর দিকের গুরুত্বপূর্ণ একটি ইট।
মিল্কিওয়ের প্রাচীন ইতিহাস অনুসন্ধানে গবেষকেরা বিভিন্ন মহাকাশ জরিপের তথ্য ব্যবহার করেছেন। এর মধ্যে ইউরোপীয় মহাকাশ সংস্থার গাইয়া মিশনের তথ্যও রয়েছে।
গবেষকেরা মিল্কিওয়ের কেন্দ্র থেকে প্রায় ২০ হাজার আলোকবর্ষের মধ্যে থাকা ৩৯টি প্রাচীন গ্লোবুলার ক্লাস্টার বা গোলাকার নক্ষত্রগুচ্ছ বিশ্লেষণ করেন। একই সময়ের কাছাকাছি তৈরি হওয়া বিপুলসংখ্যক পুরোনো নক্ষত্রের ঘন সমষ্টিকে গ্লোবুলার ক্লাস্টার বলা হয়। এসব নক্ষত্রগুচ্ছের বয়স ও রাসায়নিক গঠন বিশ্লেষণ করে গ্যালাক্সির অতীত সম্পর্কে ধারণা পাওয়া যায়।
গবেষণার সহলেখক ও বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক কিয়ারা জেরবিনাতি জানান, হাবলের উচ্চমানের ছবি ও তথ্যের সাহায্যে নক্ষত্রগুচ্ছগুলোর বয়স এবং ধাতবতা অত্যন্ত নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে। গাইয়ার তথ্যের সঙ্গে এসব ফলাফল মিলিয়ে গবেষকেরা ভিন্ন বৈশিষ্ট্যের কিছু নক্ষত্রগুচ্ছ শনাক্ত করেন।
পরে বিশ্লেষণে দেখা যায়, এসব নক্ষত্রগুচ্ছ মূলত এলকেএইচ গ্যালাক্সিতে তৈরি হয়েছিল। প্রায় ১১ দশমিক ৮ বিলিয়ন বছর আগে এলকেএইচ মিল্কিওয়ের সঙ্গে একীভূত হওয়ার পর তার নক্ষত্রগুচ্ছগুলোও মিল্কিওয়ের অংশ হয়ে যায়।
গবেষকেরা নক্ষত্রগুচ্ছগুলোর বয়স ও ভারী মৌলের পরিমাণ বা ধাতবতা বিশ্লেষণ করে তিনটি পৃথক দল শনাক্ত করেছেন।
প্রথম দলের নক্ষত্রগুচ্ছগুলো মিল্কিওয়ের একেবারে প্রাথমিক পর্যায়ে তৈরি হয়েছিল। এগুলো গ্যালাক্সিটির নিজস্ব প্রাথমিক গঠনের অংশ।
দ্বিতীয় দলে রয়েছে প্রায় ১০ বিলিয়ন বছর আগে গাইয়া-সসেজ-এনসেলাডাস নামের একটি গ্যালাক্সির সঙ্গে সংঘর্ষ ও একীভবনের সময় মিল্কিওয়ের সঙ্গে যুক্ত হওয়া নক্ষত্রগুচ্ছ।
তৃতীয় দলটিই গবেষকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব নক্ষত্রগুচ্ছ এলকেএইচে জন্ম নিয়েছিল এবং পরে সেই গ্যালাক্সি মিল্কিওয়ের সঙ্গে একীভূত হলে তারাও মিল্কিওয়ের অংশ হয়ে যায়।
গবেষকদের হিসাব অনুযায়ী, মিল্কিওয়ের সঙ্গে একীভূত হওয়ার সময় এলকেএইচে থাকা নক্ষত্রগুলোর মোট ভর ছিল প্রায় ৫০ কোটি সূর্যের সমান। সে সময় তরুণ মিল্কিওয়ে বর্তমানের তুলনায় অনেক ছোট হওয়ায় এই একীভবন তার প্রাথমিক বিবর্তনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল।
এলকেএইচ থেকে পাওয়া নক্ষত্রের পাশাপাশি গ্যাস ও অদৃশ্য পদার্থও মিল্কিওয়ের সঙ্গে যুক্ত হয়। ফলে পরবর্তী সময়ে গ্যালাক্সিটির আরও বড় হয়ে ওঠার ভিত্তি তৈরি হয়।
মাসসারি বলেন, আগে কিছু গবেষণায় ধারণা করা হয়েছিল, মিল্কিওয়ের শুরুর দিকের বিবর্তন প্রধানত গ্যালাক্সিটির নিজস্ব নক্ষত্র তৈরির প্রক্রিয়ার ফল। নতুন গবেষণা সেই ধারণাকে আরও বিস্তৃত করেছে।
গবেষকদের মতে, মিল্কিওয়ের ইতিহাস বোঝার ক্ষেত্রে শুধু এর ভেতরে জন্ম নেওয়া নক্ষত্রের দিকে তাকালে হবে না। অন্য গ্যালাক্সিতে জন্ম নেওয়া নক্ষত্র এবং অতীতে ঘটে যাওয়া গ্যালাক্সি-একীভবনগুলোকেও বিবেচনায় নিতে হবে। নতুন গবেষণা দেখাচ্ছে, প্রায় ১১ দশমিক ৮ বিলিয়ন বছর আগে একটি ছোট গ্যালাক্সির সঙ্গে একীভবন মিল্কিওয়ের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
