সান্তোসে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তাঁকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ইন্টার মায়ামির নাম। ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৬। এর আগেই তিনি ক্লাব ছাড়বেন, সান্তোসে থাকবেন, নাকি ফুটবল থেকেই সরে দাঁড়াবেন—তা নিয়ে চলছে জল্পনা। এর মধ্যে মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে আবার একই দলে নেইমারকে দেখার সম্ভাবনাও আলোচনায় এসেছে।
ঘটনাপ্রবাহের শুরুটা সান্তোসের সাম্প্রতিক অনুশীলন ঘিরে। গত মাসের শেষ দিকে শাপেকোয়েনসের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পরদিন অনুশীলনে নেইমারকে দলের সঙ্গে দেখা যায়নি। তিনি ট্রেনিং সেন্টারের মূল ভবনে এসেছিলেন। কিছু সময় সেখানে থাকার পর রিকভারি সেশনে অংশ না নিয়েই চলে যান। সান্তোসে এমন আচরণ সাম্প্রতিক সময়ে একেবারে বিচ্ছিন্ন ঘটনাও নয়। মাঠে খেললেও দলের সঙ্গে তাঁর সম্পর্ক ও ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
নেইমারের বর্তমান চুক্তি শেষ হওয়ার আগে তাঁর পরবর্তী গন্তব্য কী হবে, সেটিই এখন বড় প্রশ্ন। ব্রাজিলিয়ান ফুটবলে এ নিয়ে আলোচনা চলার মধ্যেই সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির নাম।
মায়ামিতে বর্তমানে নেইমারের পুরোনো বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ রয়েছেন। ফলে তিন তারকার পুনর্মিলনের সম্ভাবনা ফুটবলবিশ্বে আলাদা আগ্রহ তৈরি করেছে। একসময় বার্সেলোনায় মেসি, নেইমার ও সুয়ারেজ মিলে গড়ে তুলেছিলেন বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় তিনজনের আক্রমণভাগ ছিল ইউরোপীয় ফুটবলের অন্যতম আলোচিত শক্তি। তিন মৌসুমে তাঁরা জিতেছিলেন ৯টি ট্রফি। এর মধ্যে ছিল চ্যাম্পিয়নস লিগ ও ট্রেবল জয়ের মতো বড় সাফল্য। প্রথম মৌসুমেই তিনজন মিলে করেছিলেন ১২২ গোল—মেসি ৫৮, নেইমার ৩৯ এবং সুয়ারেজ ২৫।
তবে মায়ামিতে সেই পুরোনো ত্রয়ীকে আবার একত্র করার বিষয়টি এখনো সম্ভাবনার পর্যায়েই রয়েছে। মেসির সঙ্গে গত ডিসেম্বর পর্যন্ত মায়ামিতে খেলেছিলেন সের্হিও বুসকেতস ও জর্দি আলবা। এমএলএস কাপ জয়ের পর তাঁরা ক্লাব ছাড়েন। ফলে মায়ামির প্রকল্পে নতুন তারকা সংযোজনের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে।
নেইমারের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন তাঁর শারীরিক সক্ষমতা। ৩৪ বছর বয়সে পৌঁছানো এই তারকা সাম্প্রতিক বছরগুলোতে বারবার চোটের সমস্যায় পড়েছেন। তাঁর দক্ষতা ও সৃজনশীলতা এখনো অক্ষুণ্ন থাকলেও নিয়মিত ম্যাচ খেলার ধকল তিনি কতটা সামলাতে পারবেন, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইন্টার মায়ামির পক্ষ থেকে নেইমারকে নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে—এমন তথ্য নেই। তবে মেসির সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব সম্ভাব্য পুনর্মিলনের আলোচনাকে আরও জোরালো করেছে।
শেষ পর্যন্ত নেইমার সান্তোসে থাকবেন, অন্য কোনো ক্লাবে যাবেন, নাকি ডিসেম্বরেই অবসরের সিদ্ধান্ত নেবেন—সেটি নির্ভর করছে তাঁর নিজের সিদ্ধান্তের ওপর। তবে বার্সেলোনার সেই বহুল আলোচিত ‘এমএসএন’ ত্রয়ীকে আবার একসঙ্গে দেখার সম্ভাবনা যে ফুটবলপ্রেমীদের কৌতূহলী করে তুলেছে, তা নিয়ে সন্দেহ নেই।
