স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না বলে আবারও স্পষ্ট করেছে সৌদি আরব। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল ইস্যুতে রিয়াদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি ফাইল মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন। তবে এ সহযোগিতার সঙ্গে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি না করলে পারমাণবিক সহায়তা সংক্রান্ত চুক্তি কার্যকর হবে না।
এর আগে গত মাসে দুই দেশের শীর্ষ জ্বালানি মন্ত্রীদের মধ্যে পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন শর্ত সামনে আসার পর সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।
সৌদির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ১৯৬৭ সালের মানচিত্র অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এটি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রিয়াদের অবস্থান বদলাবে না।
সৌদি আরব আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক সহায়তা নেওয়া দুই দেশের বাণিজ্যিক ও কৌশলগত বিষয়। এর সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার শর্ত যুক্ত করা অনুচিত বলে মনে করে রিয়াদ।
সূত্র: মিডল ইস্ট মনিটর
