সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে সাড়ে নয় বছরের দায়িত্বকাল শেষ করে আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো হিসেবে দায়িত্ব নেবেন ড. ফাহমিদা খাতুন। সিপিডির ৬৮তম বোর্ডসভায় এ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
ড. ফাহমিদা খাতুন ২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। এ সময়ে তার নেতৃত্বে সিপিডির গবেষণা কর্মসূচির পরিধি, বৈচিত্র্য ও মান উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।
২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটির অর্থায়নপ্রাপ্ত প্রকল্প ও কর্মসূচির পাশাপাশি অর্থায়নকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীর সংখ্যাও বহু গুণ বেড়েছে। ধারাবাহিক সম্পদ আহরণ, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে এ সময়ে সিপিডির উন্নয়ন তহবিল প্রায় ৫৯০ শতাংশ এবং বার্ষিক আয় প্রায় ১৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তার দায়িত্বকালে সিপিডির ভৌত ও প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন, কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা সক্ষমতা বাড়ানো, প্রকাশনার মানোন্নয়ন, ডিজিটালাইজেশন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারের কাজও এগিয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রমের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।
সিপিডিতে যোগদানের আগে ড. ফাহমিদা খাতুন বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের গবেষণা ফেলো হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশে ইউএনডিপি ও ইউএসএআইডি মিশনেও ঊর্ধ্বতন পেশাগত দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়িয়েছেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি বিভিন্ন গবেষণা ও নীতি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
ড. ফাহমিদা খাতুন ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি পোস্টডক্টরাল গবেষণাও করেছেন।
তার গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনৈতিক নীতি, রাজস্ব ও মুদ্রানীতি, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক রূপান্তর।
দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও গবেষণা কার্যক্রমের সঙ্গেও যুক্ত রয়েছেন ড. ফাহমিদা খাতুন।
