ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, সাগরের দিক থেকে এসব শব্দ এসেছে।
হরমোজগান প্রদেশের সিরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সিরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের নিক্ষেপ করা প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সিরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কর্মকর্তাদের ধারণা, শব্দগুলো সমুদ্রের দিক থেকে এসেছে।
এর আগের দিনও হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জাস্ক এলাকায় সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা জানিয়েছিল ফার্স নিউজ।
আইআরএনএ বুধবার সন্ধ্যায় হরমুজ প্রণালি থেকেও বিস্ফোরণের খবর দেয়। সংস্থাটির জাস্ক কাউন্টির প্রতিবেদকের বরাতে বলা হয়, বিস্ফোরণের আগে জলপথে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়।
পরে কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের শব্দ সমুদ্র থেকে এসেছে, নাকি দ্বীপের ভেতরে ঘটেছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
সর্বশেষ ঘটনাগুলোতে আবারও আলোচনায় এসেছে সিরিক। সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের সময়ও এলাকাটি হামলার শিকার হয়েছিল।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তখন জানিয়েছিল, মার্কিন বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, নৌসম্পদ, মাইন পাতা ও যোগাযোগ ব্যবস্থা ছিল।
ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই সময় সিরিক, বান্দার আব্বাস, আহভাজ ও আগাজরিতেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
সর্বশেষ বিস্ফোরণগুলোতে কেউ হতাহত হয়েছে কি না কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
