মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বাড়ি থেকে রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী সুমন সরকারের সন্ধান পাওয়া যাচ্ছে না। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত রিনা আক্তার ওই গ্রামের সুমন সরকারের স্ত্রী। তাঁর বাবার বাড়ি টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামে। প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে পেশায় পেইন্টার সুমন সরকারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।দাম্পত্য কলহ নিয়ে অভিযোগ
নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে তাঁর স্বামী পালিয়ে গেছেন। তাঁদের দাবি, গত তিন-চার বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো, যা কখনো মারামারিতেও গড়াত।
সুমনের মা রুফিয়া বেগম জানান, শুক্রবার বিকেল চারটার দিকে রিনা ও সুমনের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়। পরে পরিবারের সদস্যরা তাঁদের মিটমাট করে দেন। রাতে কী ঘটেছে, তা তিনি জানেন না। সকালে সুমনের মেয়ে সিনহা কান্নাকাটি করলে ঘরে গিয়ে রিনার নিথর দেহ দেখতে পান তিনি। তবে কীভাবে রিনার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
রিনার মা সাকিনা বেগমের অভিযোগ, সুমন মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই মেয়েকে মারধর করতেন। এ ছাড়া বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্যও রিনাকে চাপ দেওয়া হতো বলে দাবি করেন তিনি।
সাকিনা বেগম আরও অভিযোগ করেন, এসব বিরোধের জেরেই রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সুমন পালিয়ে গেছেন। তিনি মেয়ের মৃত্যুর বিচার দাবি করেছেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
