বরিশাল নগরীতে নুরুজ্জামান হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত নাসিমা বেগম পলাতক রয়েছেন। পুলিশ নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মঙ্গলবার ভোরে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনির একটি ভাড়া বাসা থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বরিশাল আদালতের এক আইনজীবীর মুহুরি হিসেবে কাজ করতেন। চাকরির কারণে স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কয়েক দিন ধরে নুরুজ্জামান ও নাসিমার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে সোমবার দিবাগত রাতে নাসিমা তাঁর স্বামীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে বাইরে থেকে ঘরে তালা দিয়ে তিনি পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। বাইরে থেকে তালাবদ্ধ ঘরের তালা ভেঙে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতক নাসিমা বেগমকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
