সিলেট: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত-সমালোচিত হওয়া শিক্ষক বিউটি রানী পাল এবার ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
বিউটি রানী পাল ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত বিভিন্ন সূচকে শিক্ষকদের কার্যক্রম মূল্যায়ন করা হয়। এরপর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়ে থাকে।
দীর্ঘদিনের শিক্ষকতা ও বিদ্যালয়ে অবদানের পাশাপাশি বিউটি রানী পালের পাঠদান পদ্ধতি, বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততা এবং সহশিক্ষা কার্যক্রমে ভূমিকা মূল্যায়ন করা হয়েছে। এসব বিবেচনায় তাকে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
এর আগে ২০২৩ সালেও জেলা পর্যায়ে বাছাই করা গুণী শিক্ষকদের তালিকায় তার নাম ছিল।
সম্প্রতি ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে বিউটি রানী পালের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে শিক্ষক, লেখক ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি অংশ তার পাশে দাঁড়িয়ে ব্যক্তিস্বাধীনতা ও সৃজনশীল কর্মকাণ্ডের পক্ষে কথা বলেন।
