মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের প্রেরণাকে সামনে রেখে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উদ্যোক্তা আমিনুল ইসলাম সাগর। এতে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাষানী জনশক্তি পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে সংগঠনের ২১ সদস্যবিশিষ্ট কমিটিও ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ উল্লাহ মধু সম্পাদক এবং ইকবাল হোসেন (সাম্য শাহ) মুখপাত্র হিসেবে দায়িত্ব পান।
অনুষ্ঠানে নুরুল হক নূর বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের রাজনীতিতে এখন ‘বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, ড. মুহাম্মদ ইউনূস যেসব ছাত্রনেতাকে সামনে এনেছিলেন, তারা বিদেশি শক্তির প্রভাবাধীন হয়ে কাজ করছে। তিনি সাম্প্রতিক এইচএসসি পরীক্ষাকে ঘিরে আন্দোলনের পেছনেও ষড়যন্ত্রের অভিযোগ তুলে দেশের চলমান সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান।
মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর রাজনীতি গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে। তিনি গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কর্মসংস্থানের সংকটের কথা উল্লেখ করে সরকারের বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। তাঁর অভিযোগ, জুলাই আন্দোলনের বৃহত্তর আকাঙ্ক্ষার পরিবর্তে সীমিত পরিসরের কিছু ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনীতি দীর্ঘমেয়াদি সংগ্রামের বিষয়; এটিকে স্বল্পমেয়াদি প্রতিযোগিতা হিসেবে দেখার সুযোগ নেই। তিনি এনসিপির সমালোচনা করে বলেন, দলটি রাজনীতিকে ভুল পথে পরিচালিত করছে এবং তরুণদের মধ্যে অবাস্তব প্রত্যাশা সৃষ্টি করেছে।
একই সঙ্গে তিনি বিএনপিকেও রাজনৈতিক মাঠে আরও সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিগুলোর সতর্ক থাকা প্রয়োজন।
নুরুল হক নূর তাঁর বক্তব্যে ভবিষ্যতে দেশের রাজনীতিতে নতুন সংকটের আশঙ্কার কথা তুলে ধরে বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
