জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও তাঁর স্বামী সাংবাদিক নঈম নিজামের বিরুদ্ধে পৃথক মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক সচিব মো. সাইদুর রহমান খান।
ফরিদা ইয়াসমিন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি। তাঁর স্বামী নঈম নিজাম বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক এবং নিউজ২৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
দুদকের তথ্য অনুযায়ী, ফরিদা ইয়াসমিন জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৮০ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৭টি ব্যাংক হিসাবে মোট ২১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকা লেনদেনের অভিযোগে পৃথক মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।
অন্যদিকে, নঈম নিজামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করেছে দুদক।
তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের অভিযোগও রয়েছে।
দুদক আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাগুলো করার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান দুদক সচিব।
এদিকে দুর্নীতির অভিযোগে করা একটি মামলায় ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্রও দুদক অনুমোদন করেছে বলে জানান সংস্থাটির সচিব।
তবে প্রতিবেদনে নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্রের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
