বগুড়ার আদমদীঘিতে পিতলের তৈরি গণেশ মূর্তি সোনার মূর্তি বলে বিক্রির চেষ্টার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি দ্বিখণ্ডিত গণেশ মূর্তি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪৫), তাঁর ভাই শহিদুল ইসলাম (৪৮), শহিদুল ইসলামের স্ত্রী খুশি আক্তার (৩২) এবং আদমদীঘির ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৮)।
পুলিশ জানায়, পিতলের তৈরি একটি গণেশ মূর্তি সোনার মূর্তি হিসেবে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে আনুমানিক দেড় কেজি ওজনের একটি দ্বিখণ্ডিত গণেশ মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির ওপর স্বর্ণের প্রলেপসদৃশ আবরণ ছিল বলে পুলিশ জানিয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
