কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ। অভিযানের সময় চোরাকারবারিরা একটি সিএনজি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৯ আগস্ট) সকালে পালংখালী সীমান্ত সড়কসংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়। দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড কর্মকর্তা জানান, সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান শুরু করেন। এ সময় সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে সিএনজির চালক ও এর সঙ্গে থাকা চোরাকারবারিরা গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেটের চালান পাওয়া যায়।
জব্দ করা সিগারেটের মধ্যে ওরিস ব্র্যান্ডের ১ লাখ ১৯ হাজার শলাকা এবং প্যাট্রন ব্র্যান্ডের ৪০ হাজার শলাকা রয়েছে। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৮৫ হাজার টাকা।
সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিগারেট ও সিএনজিসহ অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
