রাজশাহীর বাগমারায় একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ হওয়ার ১০ দিন পরও তাঁদের সন্ধান মেলেনি। গত ৮ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর লামিয়া (১৯) ও মোছা. আশা বিবির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজ দুই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ লামিয়া উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী। অপরজন মোছা. আশা বিবি একই গ্রামের শাহাজান আলী মণ্ডলের স্ত্রী। সম্পর্কে তাঁরা জা।
পরিবার সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তাঁরা দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি।
তাঁদের ব্যবহৃত মুঠোফোন এবং সম্ভাব্য অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় পরিবারের সদস্যরা অনুসন্ধান চালিয়েছেন। তবে এখন পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
দুই গৃহবধূ নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক জিডি করা হয়। ১০ দিনেও তাঁদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, জিডির ভিত্তিতে দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাঁদের খুঁজে বের করতে সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মাঠপর্যায়ে প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হচ্ছে।
