লালমনিরহাটের হাতীবান্ধার আবিদা বেগম ঢাকাগামী থেকে বুড়িমারীগামী একটি চলন্ত বাসে দ্বিতীয় ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। এ ঘটনার পর আনাস এন্টারপ্রাইজ পরিবহনের কর্তৃপক্ষ মা ও নবজাতকের জন্য আজীবন বাসভাড়া ফ্রি ঘোষণা করেছে।
আবিদা বেগম হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়ার রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে। ২৮ বছর বয়সী আবিদা কাজের সুবাদে স্বামী ও সন্তান নিয়ে ঢাকার জিরানীতে বসবাস করতেন।
সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসায় তিনি মাতৃত্বকালীন ছুটি নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তখনো তার সন্তান প্রসবের প্রায় ২০ দিন বাকি ছিল।
গত শুক্রবার প্রথম সন্তানকে সঙ্গে নিয়ে বাবার সঙ্গে ঢাকা থেকে বুড়িমারীগামী আনাস এন্টারপ্রাইজের একটি বাসে বাড়ি ফিরছিলেন আবিদা। পথে রংপুরের মিঠাপুকুর এলাকায় চলন্ত বাসে হঠাৎ তার প্রসববেদনা শুরু হয়।
পরিস্থিতি বুঝতে পেরে বাসটি থামিয়ে দেওয়া হয় এবং পুরুষ যাত্রীদের বাইরে নামিয়ে আনা হয়। পরে বাসের নারী যাত্রীদের সহযোগিতায় আবিদা একটি ছেলে সন্তানের জন্ম দেন।
ঘটনার পর বাসের সুপারভাইজার যাত্রীদের মিষ্টিমুখ করান। পরিবারের সদস্যরা পরিবহনটির নাম অনুসারে নবজাতকের নাম রাখেন ‘আনাস হাসান’।
ঘটনাটি জানার পর আনাস এন্টারপ্রাইজের মালিক খুশি হয়ে নবজাতকের বাড়িতে উপহার পাঠান। একই সঙ্গে মা ও শিশুর জন্য আজীবন বাসভাড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা দেন।
বাসটির সুপারভাইজার মজনু মিয়া বলেন, বাসে হঠাৎ অন্তঃসত্ত্বা নারীর চিৎকার শুনে তারা বাস থামিয়ে দেন। এরপর পুরুষ যাত্রীদের বাইরে নামিয়ে দেওয়া হয় এবং নারী যাত্রীরা প্রসবে সহায়তা করেন।
আবিদার বাবা আবেদ আলী জানান, মেয়েকে সন্তান প্রসবের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। চিকিৎসক আরও প্রায় ২০ দিন সময় লাগবে বললেও এর আগেই চলন্ত বাসে নাতির জন্ম হয়েছে। তিনি জানান, মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন জানান, ইউপি সদস্যের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
