দামুড়হুদায় মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রথমে স্বামী, পরে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রী
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘাস কাটার মেশিনে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালিয়া বকরি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিয়া বকরি গ্রামের মাদার আলী মণ্ডলের ছেলে মো. লিটন মিয়া (৪৮) ও তার স্ত্রী মোছা. লিপিকা খাতুন (৩৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাঠ থেকে বাড়িতে ফেরেন লিটন মিয়া। এরপর ঘাস কাটার মেশিনে বিদ্যুতের সংযোগ দিয়ে ঘাস কাটতে বসেন তিনি। এ সময় অসাবধানতাবশত মেশিনটির সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হন লিটন।
স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঁপতে দেখে তাকে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়ানোর চেষ্টা করেন স্ত্রী লিপিকা খাতুন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে বাড়ির লোকজন ও আশপাশের বাসিন্দারা বিদ্যুতের সংযোগ বন্ধ করে দুজনকে উদ্ধার করেন। দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
মর্মান্তিক এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে কালিয়া বকরি গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি শুনেছি। স্বামী-স্ত্রী দুজনই মারা গেছেন।’
