প্রতিদ্বন্দ্বী স্বচালিত গাড়ি সেবাদাতা ওয়েমো ও উবারের সঙ্গে পাল্লা দিতে নিজেদের রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে টেসলা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে আগামী ৩ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে গাড়িটির বিশেষ উদ্বোধনী আয়োজন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।
ইলন মাস্কের প্রতিষ্ঠিত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারণামূলক ছবি প্রকাশ করে। সেখানে অস্টিনের অনুষ্ঠানে সাইবারক্যাবে ‘বিশেষ প্রবেশাধিকার’ পাওয়ার সুযোগের কথা জানানো হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে লটারির মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগের প্রচারণাও চালানো হচ্ছে।
২০২৪ সালের অক্টোবরে প্রথমবার সোনালি রঙের সাইবারক্যাব উন্মোচন করা হয়। গাড়িটিতে দুজন যাত্রী বসতে পারবেন। এটি টেসলার প্রথম এমন গাড়ি, যাতে স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই।
গাড়িটি উন্মোচনের সময় টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছিলেন, ২০২৭ সালের আগেই সাইবারক্যাবের উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে। ব্যক্তিগত ক্রেতাদের কাছে গাড়িটি ৩০ হাজার ডলারের কম দামে বিক্রির লক্ষ্যও জানিয়েছিলেন তিনি।
প্রযুক্তিবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে টেসলার কর্মীদের জন্য জনসাধারণের ব্যবহৃত সড়কে সাইবারক্যাবের যাত্রা শুরু হতে পারে। পরে গাড়িগুলো অস্টিনে টেসলার রোবোট্যাক্সি বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে টেসলার ভক্তরা বিভিন্ন পার্কিং এলাকায় বেশ কয়েকটি সাইবারক্যাব দেখতে পাওয়ার দাবি করেছেন। এর ফলে গাড়িটির বাণিজ্যিক যাত্রা শিগগির শুরু হতে পারে—এমন আলোচনা জোরালো হয়েছে।
গত বছর অস্টিনে মডেল ওয়াই এসইউভি ব্যবহার করে স্বচালিত গাড়ির সেবা চালু করেছিল টেসলা। পরে তাদের রোবোট্যাক্সি কার্যক্রম টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার আরও কয়েকটি শহরে সম্প্রসারিত হয়।
তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইনে স্বচালিত গাড়িতে জরুরি পরিস্থিতিতে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মানব তত্ত্বাবধায়ক বা চালক রাখার বাধ্যবাধকতা রয়েছে।
অন্যদিকে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের স্বচালিত গাড়ি প্রযুক্তির সহযোগী প্রতিষ্ঠান ওয়েমো বর্তমানে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে রোবোট্যাক্সি সেবা পরিচালনা করছে। ফলে সাইবারক্যাব বাজারে এলে টেসলার সঙ্গে ওয়েমোসহ অন্যান্য স্বচালিত পরিবহন সেবার প্রতিযোগিতা আরও বাড়তে পারে।
