ময়মনসিংহের ত্রিশালে স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে বুলু নামে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে শহীদ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার দুপুরে ত্রিশাল পৌর শহরের দরিরামপুর কোচস্ট্যান্ড এলাকায় একটি পানের আড়তের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়ারপাড় গ্রামের ফজলুল হকের ছেলে শহীদ একটি কারখানায় চাকরি করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি কর্মস্থলে থাকার সময় তার স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে প্রতিবেশী বুলুর সম্পর্ক তৈরি হয়। বিষয়টি সম্প্রতি স্থানীয়দের নজরে এলে এ নিয়ে সালিশ-বৈঠকও হয়। সেখানে আপস-মীমাংসা হলেও শহীদের মধ্যে ক্ষোভ ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সোমবার দুপুরে দরিরামপুর কোচস্ট্যান্ড এলাকায় পানের আড়তের সামনে বুলুকে দেখতে পান শহীদ। এ সময় তিনি চাপাতি দিয়ে বুলুর গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় স্থানীয় লোকজন শহীদকে আটক করে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আহত বুলুকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা রুবেল বলেন, দরিরামপুর কোচস্ট্যান্ড এলাকায় বুলুকে চাপাতি দিয়ে কোপানোর সময় স্থানীয় লোকজন শহীদকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের এই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে শহীদ দাবি করেছেন, বুলু তার স্ত্রীকে ধর্ষণ করেছিলেন—এ অভিযোগের কারণেই তিনি হামলা করেছেন। তবে আহত বুলু বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
