নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের টস করতে নেমেই বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ১৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
পুরুষ ও নারী—দুই বিভাগ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১৫০ ম্যাচে নেতৃত্ব দেওয়া প্রথম ক্রিকেটার হয়েছেন হারমানপ্রীত। নারী ক্রিকেটে এ তালিকায় তাঁর পরেই রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। তাঁর নেতৃত্ব দেওয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ১২১।
ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়কের করমর্দন হবে কি না, তা নিয়ে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে টসের সময় হারমানপ্রীত ও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা করমর্দন করেননি।
এ সময় দুই অধিনায়ক একে অপরের দিকে তাকানোও এড়িয়ে যান।
২০২৫ সালে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে করমর্দন না করার নীতি অনুসরণ করে আসছে। এ ম্যাচেও সেই অবস্থানের ব্যতিক্রম হয়নি।
ভারতের একাদশে ছিলেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, হারমানপ্রীত কৌর, ভারতী ফুলমালি, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, প্রেমা রাওয়াত, নন্দনী শর্মা, শ্রী চরণি ও ক্রান্তি গৌড়।
পাকিস্তানের একাদশে ছিলেন মুনিবা আলী, শাওয়াল জুলফিকার, গুল ফিরোজা, আয়েশা জাফর, সাদাফ শামাস, ফাতিমা সানা, উম্মে-ই-হানি, আইমান ফাতিমা, তুবা হাসান, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল।
