সাভারে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সাভারের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়ার জুলিয়া আক্তার জুলি (৪২), একই এলাকার মাফিয়া (৪৫) এবং কাঞ্চনপুর বেদেপল্লীর হাসি আক্তার (৩৮)।
ডিবি জানায়, শুক্রবার দুপুরে আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুলিয়া আক্তার জুলিকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এরপর সন্ধ্যার পর কাঞ্চনপুর বেদেপল্লী থেকে হাসি আক্তারকে ১২০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। জব্দ ইয়াবার ওজন ১২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা। একই রাতে আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাফিয়াকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। ওই গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
পুলিশের তথ্য অনুযায়ী, জুলিয়া আক্তার জুলির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও দুটি মামলা রয়েছে। হাসি আক্তারের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
