গাজীপুরের চন্দ্রা এলাকায় দুই স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করছেন কাপড় ব্যবসায়ী আব্দুর রহমান। দুই স্ত্রীর পারস্পরিক সম্পর্ক ও সংসার পরিচালনার ধরন স্থানীয়ভাবে ব্যতিক্রমী হিসেবে আলোচনায় এসেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বড় স্ত্রী রুনা আক্তার স্বামী আব্দুর রহমানের মুখে ভাত তুলে দিচ্ছেন। এ সময় পাশে ছোট স্ত্রী পানির গ্লাস নিয়ে বসে ছিলেন। ভিডিওটি প্রকাশের পর তাদের পারিবারিক সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।
পারিবারিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রুমা আক্তার নিজের ইচ্ছায় এবং স্বামীর পছন্দকে গুরুত্ব দিয়ে তার দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন। স্বামীর পছন্দ করা নাজনীন সুলতানাকে সতিন হিসেবে ঘরে তুলে নেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, সাধারণত দুই সতিনের সম্পর্ককে ঘিরে দ্বন্দ্ব, সংঘাত বা দূরত্বের নানা ঘটনা দেখা গেলেও এই পরিবারে পরিস্থিতি ভিন্ন। রুমা আক্তার ও নাজনীন সুলতানা একই বাড়িতে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করছেন এবং ঘরের বিভিন্ন কাজ ভাগাভাগি করে করেন।
তাদের দৈনন্দিন জীবনযাপনেও রয়েছে পারস্পরিক সহযোগিতা। রান্না করা থেকে শুরু করে একসঙ্গে খাবার খাওয়া—বাড়ির বিভিন্ন কাজ তারা মিলেমিশে করেন। অবসর কাটানো বা বাইরে ঘুরতে যাওয়ার সময়ও তাদের একসঙ্গে দেখা যায়। প্রতিবেদনে তাদের সম্পর্ককে দুই সতিনের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গেও তুলনা করা হয়েছে।
