ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে আস্ত খাসি না পাওয়াকে কেন্দ্র করে বিয়ে না করে চলে যাওয়া জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া ২৪ ঘণ্টার মধ্যেই বিয়ে করেছেন। বড় খাসির খদর দিয়েই নতুন বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের খবর জানান জুনায়েদ। সেখানে নববধূর সঙ্গে তোলা একটি ছবিও প্রকাশ করেন তিনি।
জানা গেছে, কনের মামার বাড়ি কসবা উপজেলার নেয়ামত গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কনের নিজ বাড়ি আখাউড়া উপজেলার নুরপুর গ্রামে, যা আগের কনের বাড়ির পাশের গ্রাম।
ফেসবুক পোস্টে জুনায়েদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।’
এর আগে আখাউড়ায় বিয়ের খাবারে আস্ত খাসি না থাকায় বিয়ে না করে চলে যাওয়ার ঘটনায় আলোচনায় আসেন জুনায়েদ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।
তবে জুনায়েদ দাবি করেন, কনেপক্ষ পূর্বনির্ধারিত কাবিনের তুলনায় ১০ গুণ বেশি কাবিন দাবি করেছিল। এ ছাড়া তাঁর সঙ্গে কনের যোগাযোগ বন্ধ রাখা এবং তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।
মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে জুনায়েদ বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে এবং টাকা দিয়ে ভুয়া সাংবাদিক নিয়োগ করে এসব করা হচ্ছে।
তিনি দাবি করেন, বিয়ের আসরে খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত অঙ্কের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করে। তিনি ও তাঁর পরিবার এতে রাজি না হলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তাঁদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় এবং কনের জন্য নিয়ে যাওয়া লাগেজও ফেরত পাঠানো হয়।
জুনায়েদের ভাষ্য, কনের সঙ্গে তাঁকে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকি কনেও যাতে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সে জন্য তাঁর বাবা তাঁকে শাসন করেন। রাতে কনেপক্ষ যোগাযোগ করে বিয়েতে রাজি হতে বললেও তিনি সম্মতি দেননি। এরপর তাঁকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
তবে জুনায়েদের বক্তব্যের সঙ্গে স্থানীয়দের বক্তব্যের মিল নেই। নিয়ামতপুর গ্রামের গ্রাম পুলিশ সালাম মিয়া জানান, ঘটনাটি খাসিকে কেন্দ্র করেই হয়েছে বলে তিনি শুনেছেন। একই গ্রামের বর্তমান ইউপি সদস্য মো. আলামিনও বলেন, ঘটনার সূত্র খাসিকে কেন্দ্র করেই হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
