ঝিনাইদহের মহেশপুরে বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশপুরের বাঘাডাংগা গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাকারিয়া (২৯) এবং তাঁর স্ত্রী পারভীন খাতুন (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেপা গ্রামের আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই বাড়ির ভাড়াটিয়া জাকারিয়া ও পারভীনকে আটক করা হয়।
পরে বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭০০ পিস ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুলজাতীয় ওষুধ উদ্ধার করা হয়। এসব ওষুধ অবৈধ এবং বিক্রয় নিষিদ্ধ বলে জানিয়েছে পুলিশ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি বলেন, মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
