মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ‘প্রকৃত শত্রু’র মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ‘প্রকৃত শত্রু’র বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি অভিযোগ করেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করাই শত্রুপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও ইসরায়েলকে মুসলিম ঐক্য ও বন্ধুত্বের ‘চিরশত্রু’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম দেশগুলোর জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে কাজে লাগিয়ে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।
তাঁর দাবি, মুসলিম বিশ্বের বিভক্তি ও দুর্বল হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে এসব শক্তি। উপযুক্ত সময়ে মুসলিম দেশগুলোর ওপর নিজেদের প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।
মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন খামেনি। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, মুসলিমরা ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনিরা কি এতটা অসহায় হয়ে দখলদারদের নির্যাতন ও অপরাধের শিকার হতো?
তিনি বলেন, মুসলিম দেশগুলো ইসলামি ঐক্যের ছাতার নিচে একজোট হলে হাজার হাজার কিলোমিটার দূরের কোনো শক্তির পক্ষে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূমি ও সম্পদের দিকে লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস হতো না।
মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে খামেনি বলেন, তাদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে হবে। পাশাপাশি শত্রুর পরিকল্পনা বুঝে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
খামেনির মতে, এই শত্রুতা শুধু ইরান, ইরানি জনগণ কিংবা ইসলামি প্রতিরোধের বিরুদ্ধে সীমাবদ্ধ নয়। বরং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাসহ সমগ্র মুসলিম বিশ্বের ওপরই তাদের ক্ষোভ রয়েছে।
এ কারণে মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।
